প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ভারতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আনুষ্ঠানিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ব্রাজিল তাদের ভক্তদের উন্মাদনা সম্পর্কে অবগত হয়ে এই ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বিশ্বের পঞ্চম র্যাংকিংধারী দল ব্রাজিল, অন্যদিকে ভারত ১৩৮ নম্বরে রয়েছে।
এই ম্যাচটি ভারতের ফুটবল ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ম্যাচ হতে চলেছে। তবে সাবেক ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া এই ম্যাচের তাৎপর্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘আমি বলছি না যে তাদের আসা উচিত নয়। কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যে অবস্থা, এই ম্যাচ থেকে আমরা কী অর্জন করতে চাইছি?’
ভারত ফিফা আসিয়ান কাপে খেলবে, যেখানে গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে তাদের খেলা হবে। বাইচুং ভুটিয়া ম্যাচের তারিখ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং বলেন, ‘আমি মনে করি এটা পাল্টানো উচিত।’
তিনি আরও বলেন, ‘এটা অনেকটা এরকম একটি পরিবারের মতো, যারা ঠিকমতো খেতে পারে না, জীবন যাপন করাই কঠিন, তারা তাদের ছেলের বিয়েতে শাহরুখ খানকে এনে নাচানোর চেষ্টা করছে।’