ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত এক সেমিনারে নগর পরিবহন ব্যবস্থাপনায় বৃহৎ ভাষা মডেল (এলএলএম) ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা তুলে ধরেছেন চীনের থংচি বিশ্ববিদ্যালয়ের পরিবহন অনুষদের সহযোগী অধ্যাপক প্রফেসর জিয়ান লি।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘নগর পরিবহন ব্যবস্থাপনায় বৃহৎ ভাষা মডেলের ব্যবহার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর জিয়ান লি। তিনি বলেন, বৃহৎ ভাষা মডেলভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নগর পরিবহন ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এ প্রযুক্তি বুদ্ধিমান পরিবহন ব্যবস্থা, তাৎক্ষণিক যানবাহন চলাচল বিশ্লেষণ এবং গণপরিবহন সেবার মানোন্নয়নে সহায়তা করতে পারে।
সভাপতির বক্তব্যে ড. মো. রাকিবুল হক বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্মার্ট পরিবহন প্রযুক্তিতে শিক্ষা ও গবেষণা সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। তিনি শিক্ষার্থী ও গবেষকদের টেকসই নগর উন্নয়নে অবদান রাখতে আন্তঃবিষয়ক গবেষণায় সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা নগর পরিবহন ব্যবস্থাপনা ও স্মার্ট নগর উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।