সাতক্ষীরা শহরের ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আতঙ্কে অন্তত ৫০ জন রোগী ও তাদের স্বজন আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিভিন্ন স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে হাসপাতালের বেসমেন্টে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্ত শেষে জানানো হবে।
ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. সাইফুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট দুই ঘণ্টারও বেশি সময় কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ নিহত হননি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, উদ্ধার কার্যক্রম ও যানজট নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ সদস্য এবং বিজিবি ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে। নিরাপত্তার স্বার্থে প্রায় দুই ঘণ্টা খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নারকেলতলা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়।
ব্লিজ হাসপাতালের পরিচালক আবু হাসান জানান, আগুন বেসমেন্টেই সীমাবদ্ধ ছিল এবং ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েনি। তবে ধোঁয়া কয়েকটি তলায় পৌঁছে যাওয়ায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।