আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আয়োজকরা জানিয়েছেন, শেখ হাসিনা অডিওর মাধ্যমে বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনার পাশাপাশি প্যানেলে থাকবেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার।
আয়োজকদের মতে, সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তার দেশে ফেরার পরিকল্পনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে বক্তব্য দিতে পারেন। তবে সজীব ওয়াজেদ জয়ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখতে পারেন।
এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ জানিয়েছেন, মতপ্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার নীতির অংশ হিসেবে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ভারত সরকারের পক্ষ থেকে এ আয়োজন নিয়ে কোনো আপত্তি জানানো হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা ভার্চুয়ালি অংশ নিয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন।
এটি শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনের অবসানের দ্বিতীয় বার্ষিকীতে অনুষ্ঠিত হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নেননি।