সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন সভাপতি নিয়োগের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ও সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তনসংক্রান্ত চিঠি আপাতত স্থগিত করেছে।
হাইকোর্টে রিট আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে দুই বছরের জন্য কলেজটির গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তার দায়িত্বের মেয়াদ ২০২৭ সালের ২৪ এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।
তবে গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক আদেশে ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে সরিয়ে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে সভাপতি এবং শিরিন আফরোজকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠান।
সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে ২৩ জুলাই জারি করা সভাপতি পরিবর্তনের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সংশোধিত সংবিধি ২০১৯ এর ৭ ধারার বৈধতা এবং সভাপতি পরিবর্তনের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
হাইকোর্টের আদেশের পর ৪ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইস চ্যান্সেলরের নির্দেশক্রমে মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তনসংক্রান্ত ২৩ জুলাই ২০২৬ তারিখের আদেশ আপাতত স্থগিত করা হয়েছে।
রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নূর উল মতিন।