রিয়াল মাদ্রিদের দল গঠনের পরিকল্পনা বর্তমানে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আইভোরিকোস্টের তারকা ইয়ান দিওমান্দেকে দলে ভেড়ানোর বিষয়টি শেষ মুহূর্তে থমকে গেছে, যা ভিনির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ জানায়, ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ ২০২৭ সালে শেষ হবে। যদি ভিনিসিয়ুস নতুন চুক্তি স্বাক্ষর না করেন, তবে রিয়াল তাকে চলতি গ্রীষ্মেই বিক্রি করার পরিকল্পনা করছে। কারণ এক বছর পর তাকে ফ্রি এজেন্ট হিসেবে হারানোর ঝুঁকি নিতে চায় না ক্লাবটি।
রিয়াল মাদ্রিদের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-তে ভিনিসিয়ুসের পাড়ি জমানোর সম্ভাবনা। যদি পিএসজি ২০২৭ সালে ভিনিসিয়ুসকে বিনামূল্যে দলে টানে, তবে তা রিয়ালের জন্য ক্ষতিকর হতে পারে।
দ্বিতীয় সমীকরণটি ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তি নবায়নের ওপর নির্ভর করছে। যদি আলোচনা সফল হয়, তবে রিয়াল দিওমান্দেকে কেনার পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে পারে।
এছাড়া, রিয়াল মাদ্রিদকে গ্রীষ্মকালীন দলবদলের বাজেট সামাল দিতে বেশ কিছু খেলোয়াড় বিক্রি করতে হতে পারে। বিক্রির তালিকায় রয়েছে ফ্রান্সের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা এবং স্প্যানিশ বংশোদ্ভূত মরক্কোর মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ।