জাতীয় গ্রীন লিফ অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করলেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
নাজাত ডেস্ক রিপোর্ট।
কক্সবাজারে পর্যটন শিল্পের বিকাশে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জাতীয় গ্রীন লিফ অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
২২ আগস্ট ঢাকার পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু-তে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ও গুণীজনরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত, দিলারা জামান, যাদুশিল্পী জুয়েল আইস, সংগীতশিল্পী মনির খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামানসহ অসংখ্য বিশিষ্টজন।
অনুষ্ঠানে বক্তারা আপেল মাহমুদের ভূয়সী প্রশংসা করেন এবং কক্সবাজারে পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। জনাব মাহমুদ এ সময় কক্সবাজারের নানা আকর্ষণীয় দিক তুলে ধরে পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে সবার সহযোগিতা কামনা করেন।
এই সম্মাননা কক্সবাজারের পর্যটন নিরাপত্তা এবং দেশের সামগ্রিক পর্যটন শিল্প উন্নয়নে এক নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মত দেন উপস্থিত অতিথিবৃন্দ।