নরসিংদীতে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন
রুহুল কবির রিজভী বলেন, “জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে”
নরসিংদী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “জামায়াত এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এক নেতা বলেছেন, নির্বাচন হতেও পারে, নাও হতে পারে। তাদের এই বক্তব্য শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা দেশের গণতন্ত্র ধ্বংস করে দেশ থেকে পালিয়ে গেছেন। কিন্তু বিদেশে গিয়েও তিনি বসে নেই, নানা ষড়যন্ত্র করছেন। তিনি চান না দেশে নির্বাচন হোক। অথচ যে নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সেই নির্বাচন নিশ্চিতে তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছেন।”
রিজভী বলেন, বিএনপি হবে একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এই দলে শিক্ষক, চাকরিজীবী, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষকসহ সমাজের সজ্জন ও সাধারণ মানুষ যোগ দিতে পারবেন। তবে “যারা হাসিনার আমলে মানুষ হত্যা করেছে বা জনপদে রক্ত ঝরিয়েছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না।”
বুধবার দুপুরে নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্ট মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে “নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি-২০২৫” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক আলহাজ মঞ্জুর এলাহী।
অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করা হবে। সাধারণ মানুষের অংশগ্রহণই হবে বিএনপির সবচেয়ে বড় শক্তি।
সভায় জানানো হয়, জেলা বিএনপি দলীয় কার্যক্রম ত্বরান্বিত করতে ধারাবাহিকভাবে আরও কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নির্বাহী সদস্য আকরাম হোসেন মিন্টু, ইকবাল হোসেন শ্যামল, ফেরদৌস আহমেদ খোকন, সাবেক এমপি ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার শাখাওয়াত হোসেন বকুল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জামাল আহমেদ চৌধুরী, হারুন অর রশিদ, এড. আব্দুল বাছেদ ভূইয়া, এম এ জলিল, গোলাম কবির কামাল, রবিউল ইসলাম রবি, ফাইজুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক মো. সাজাহান মল্লিক, এম এন জামান, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, মাজহারুল হক টিটু, প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভূঁইয়া, শিশু বিষয়ক সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, সহ অর্থ বিষয়ক সম্পাদক ও রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আ. কুদ্দুস মিয়া, সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, কৃষকদলের আহ্বায়ক আপেল মাহমুদ ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্সসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।