লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্থানীয় বিএনপির একটি গ্রুপের ষড়যন্ত্রের বিচার চেয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী জিএস উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
বাবুল বলেন, ‘সকল ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকসহ সব সংগঠনের নেতারা মঞ্চে রয়েছেন। তাঁরা কি তৃণমূলের নেতা নন? তাহলে কি ওই কয়েকজনই তৃণমূলের নেতা, যাঁরা আজ তৃণমূল দাবি করে আমাকে অযোগ্য বলছেন?’
তিনি আরও বলেন, ‘আমার দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী যদি বলেন আমি অযোগ্য এবং পদত্যাগ করতে বলেন, তাহলে এক মুহূর্তও বিলম্ব করব না। সঙ্গে সঙ্গে পদত্যাগ করব। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। তিনি যেন সুষ্ঠু তদন্ত করে আমার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রের বিচার করেন।’
বাবুল অভিযোগ করেন, মনোনয়ন দেওয়ার সময়ও একটি পক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং এখন আবার একই পক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি নেতা-কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।