নীলফামারীর ডিমলায় এইচএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। শুক্রবার ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে মনোবিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে টাকা নেওয়ার অভিযোগ করেছেন একাধিক পরীক্ষার্থী।
ডিমলা সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা এবং জনতা ডিগ্রি কলেজের পরীক্ষার্থীদের কাছ থেকে ৩৩০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। পরীক্ষার্থীরা জানিয়েছেন, টাকা না দিলে নম্বর কমে যাবে বা ফেল করিয়ে দেওয়া হতে পারে, এমন ভয় দেখানো হয়েছে।
সরেজমিনে পরীক্ষাকেন্দ্রে দেখা যায়, ডিমলা সরকারি মহিলা কলেজের অফিস সহকারী মো. মজনুর রহমান পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নিচ্ছেন। কিছু পরীক্ষার্থীও টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, অভিযোগ অস্বীকার করে মো. মজনুর রহমান বলেন, “আমি কোনো টাকা নেইনি।” জনতা ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিষয়ের প্রদর্শক সামিউল আলম লেনিনও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের কেন্দ্র সচিব মো. শহীদুল ইসলাম বলেন, “এ ধরনের কর্মকাণ্ড অবৈধ।” ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান জানিয়েছেন, সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই এবং বিষয়টি তদন্ত করা হবে।