সাইবার সুরক্ষা আইনের মামলায় তারাগঞ্জে যুবক গ্রেপ্তার
কুলসুম আক্তার সাথী,রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় মতিউর রহমান মিম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার মিম তারাগঞ্জ উপজেলার অনন্তপুর দক্ষিণপাড়া এলাকার আতাউরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় তারাগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর আওতায় মামলা করা হয়। মামলাটির নম্বর-১০ এবং তারিখ ২৭ জুন ২০২৬। পরে মামলাটি তদন্তের অংশ হিসেবে রংপুর জেলা ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে অভিযান চালিয়ে মিমকে গ্রেপ্তার করা হয়।
তবে মামলায় মিমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে কিংবা তাকে গ্রেপ্তারের কারণ কী—তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় মতিউর রহমান মিমকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মিমের গ্রেপ্তারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সাইবার অপরাধের মাধ্যমে কাউকে হয়রানি বা বিভ্রান্ত করার সুযোগ দেওয়া উচিত নয়। তবে অভিযোগ প্রমাণের আগে কাউকে অপরাধী হিসেবে বিবেচনা না করে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।