ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। তবে এই দাবি তুরস্কের সংসদ সদস্য আলি শাহিনের বক্তব্যের ভিত্তিতে এসেছে, যা এখনো নিশ্চিত হয়নি। কার্লোস নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, ফলে বিষয়টি সত্যি না গুজব—এ নিয়ে প্রশ্ন উঠেছে।
আলি শাহিন জানান, তিনি ব্রাজিল সফরের সময় দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতের পর তিনি দাবি করেন যে, ব্রাজিলিয়ান ইসলামি ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদেহের মাধ্যমে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর পেয়েছেন।
শাহিনের বক্তব্য অনুযায়ী, রবার্তো কার্লোস এবং শেখ জিহাদ হাম্মাদেহের মধ্যে বেশ কিছুদিন ধরে যোগাযোগ ছিল এবং প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে তাদের সাক্ষাৎ হয়। ওই সময়ই কার্লোস শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়েছে।
তবে, এই দাবির পক্ষে রবার্তো কার্লোসের কোনো প্রকাশ্য বক্তব্য বা আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। শাহিনের বক্তব্যের পর বিষয়টি তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমে এবং আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোলেও প্রকাশিত হয়েছে। গোলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কার্লোস এখনও তার ইসলাম গ্রহণের খবর নিশ্চিত করেননি।
এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রবার্তো কার্লোসের সঙ্গে মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সুহাইলা এল তাহিরির বিয়ের কিছু ছবি প্রকাশিত হয়েছে, যা তাদের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে।