হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক চার অভিযানে ট্রলির গোপন কুঠুরিতে লুকানো স্বর্ণ, ওষুধ, বিদেশি সিগারেট, নিষিদ্ধ ক্রিম-সিরাম ও মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
শনিবার (১৫ আগস্ট) বিমানবন্দরে এসব পণ্য আটক করা হয় বলে এক প্রেস বিবৃতিতে জানিয়েছে এনবিআর। কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, দিনব্যাপী অভিযানে ১৩৩ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৫৮৯ পিস ওষুধ, ৫১ কার্টন বিদেশি সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা, অর্থাৎ প্রায় ৪৩ লাখ টাকা।
দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইনসের UL189 (কলম্বো-ঢাকা) ফ্লাইটে অবতরণের পর পারভেজ নামের যাত্রীকে আটক করা হয়। তল্লাশির একপর্যায়ে ট্রলির গোপন কুঠুরিতে ১৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। একই সঙ্গে লাগেজের ভেতর ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ পাওয়া যায়।
এদিন এয়ার ইন্ডিয়ার AI237 ফ্লাইটে আগত যাত্রী জনির ব্যাগেজ তল্লাশি করে ৬ লিটার বিদেশি মদ আটক করা হয়। অপর এক অভিযানে এমিরেটসের EK0586 ফ্লাইটে মিজানুর নামের যাত্রীর ব্যাগেজ থেকে ২৯ কার্টন বিদেশি সিগারেট এবং ৭০৮ পিস পাকিস্তানি সিরাম উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, যাত্রী প্রোফাইলিং ও নজরদারির ভিত্তিতে বিমানবন্দরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।