বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তটি দূরদর্শী ও প্রজ্ঞার পরিচয়।
শুক্রবার (১৪ আগস্ট) সেগুনবাগিচায় বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের সংগঠকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। সাইফুল হক আশা প্রকাশ করেন যে, মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে পদের গুরুত্ব, সম্মান ও মর্যাদা রক্ষা করবেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের আগে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা ও পরামর্শ করা হলে তা আরও তাৎপর্যপূর্ণ হতো।
সভায় সাইফুল হক ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় যুব সমাজকে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান। তিনি সরকারের কাছে যুবসমাজের কর্মসংস্থান ও অধিকার নিশ্চিত করার জন্য সমন্বিত উদ্যোগের দাবি জানান।
সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বিপ্লবী যুব সংহতির নেতৃবৃন্দ বক্তব্য দেন। আগামী ২৮ আগস্ট বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের প্রতিনিধি সভা সফল করার আহ্বান জানানো হয়। সভার শুরুতে সংগঠনটির কেন্দ্রীয় সংগঠক শিবু মোহান্তের অকালমৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।