শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭। এর পরেও বেশ কয়েকবার আফটারশক অনুভূত হয়েছে।
ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ কিলোমিটার এবং এর কেন্দ্র ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে এবং দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।
ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) সুনামি সতর্কতা প্রত্যাহার করে।
বিএমকেজি জানায়, শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামি সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল। এ কারণে পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশে সতর্কতা জারি করা হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনার পর সতর্কতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।