বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও দলের মহাসচিবের দায়িত্বে রয়েছেন। সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার (১৪ আগস্ট) সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পরও তিনি পদত্যাগ করেননি।
ডা. জাহিদ বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য প্রথমে প্রার্থিতা জমা দিতে হয়। নির্বাচন কমিশন প্রার্থিতা যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করার পর নির্বাচন অনুষ্ঠিত হবে। শপথ নেওয়ার আগ পর্যন্ত পদত্যাগের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল এখনো মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পদত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবর ও গুঞ্জনের প্রতি সাংবাদিকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
মন্ত্রিসভা বা দলের দায়িত্বে সম্ভাব্য পরিবর্তন প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, এটি সংসদীয় গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে দায়িত্বে পরিবর্তন আনতে পারেন।
তবে মির্জা ফখরুলের পদত্যাগ নিয়ে বিএনপির ভেতর থেকে ভিন্ন তথ্য পাওয়া যায়। গত বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল পদত্যাগ করেছেন।