বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি জানিয়েছে, বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানিতে তাদের কোনো আপত্তি নেই। সংগঠনটি রাষ্ট্রীয় মালিকানাধীন তিন তেল বিপণন প্রতিষ্ঠানকে নিজস্ব ব্যবস্থাপনায় তেল আমদানির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) এক বার্তায় সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এ তথ্য জানান। তিনি বলেন, দেশের জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে রাষ্ট্রীয় তিন তেল বিপণন কোম্পানিকে অগ্রাধিকার দিতে হবে।
সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল দাবি করেন, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির রয়েছে প্রয়োজনীয় অবকাঠামো এবং অভিজ্ঞতা, যা বাজার নিয়ন্ত্রণে সহায়তা করবে।
তিনি আরও জানান, যদি সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক কারণে জ্বালানি তেল আমদানি কঠিন হয়ে পড়ে, তবে পেট্রোল পাম্প মালিকরা রাষ্ট্রীয় কোম্পানিগুলোকে অগ্রিম অর্থ সহায়তা দিতে প্রস্তুত।
তার মতে, রাষ্ট্রীয় ও বেসরকারি খাতের অংশগ্রহণে তেল আমদানি কার্যক্রম পরিচালিত হলে বাজারে সরবরাহের ধারাবাহিকতা বজায় থাকবে এবং জ্বালানি খাতে ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি হবে।