রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে সতর্ক হয়েছে পুলিশ। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির হামলাকারীরা যাতে কোথাও বোমা বা বিস্ফোরক রাখার সুযোগ না পায়, সে জন্য মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। একই দিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় নিরাপত্তা নিয়ে একাধিক নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
সভা সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, নিরাপত্তাচৌকি স্থাপন এবং টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া উগ্রবাদী ও জঙ্গিবাদী তৎপরতা ঠেকাতে বিট ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে বোমা উদ্ধার করা হয়। এরপর গত মঙ্গলবার রাতে ১১টি পাইপ বোমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
ডিএমপি কমিশনার ছিনতাই প্রতিরোধেও বিশেষ গুরুত্ব দিয়েছেন। ছিনতাইপ্রবণ এলাকা চিহ্নিত করে ডিবি ও সিটিটিসিকে ২৪ ঘণ্টা মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখতে এবং দেশের স্বার্থে কাজ করার নির্দেশও দিয়েছেন আইজিপি।