ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার দিবাগত রাতে দুই দেশের পালটাপালটি হামলার পর সোমবার তিনি এ দাবি করেন। এদিকে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলায় প্রাণ হারিয়েছে ১৩ জন।
জেলেনস্কি জানান, জাপোরিজ্জিয়ায় চালানো হামলায় অন্তত ছয় জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন, যেখানে রাশিয়ার মিত্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সহায়তা ছাড়া যুদ্ধ চালিয়ে যেতে পারছে না রাশিয়া।
জেলেনস্কি সতর্ক করে বলেন, ইউক্রেন তথা ইউরোপে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও সেনার ব্যবহার বাড়লে তা গোটা বিশ্বের জন্য বিপদ ডেকে আনবে। তিনি শনিবার জানান, রুশ বাহিনীর সঙ্গে লড়াই করতে উত্তর কোরিয়ার প্রায় ৫০ হাজার সেনা পাঠানো হচ্ছে।
রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৯ জন। আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। হামলায় শহরের একটি তেল শোধনাগারও লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের ৪৫০টির বেশি ড্রোন শনাক্ত ও প্রতিহত করা হয়েছে। হামলার ঘটনায় রাশিয়া তদন্ত শুরু করেছে এবং এটিকে 'সন্ত্রাসী হামলা' হিসেবে অভিহিত করেছে।