দীর্ঘ এক দশকের লিভ-ইন সম্পর্কের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার (১১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রোনালদো তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে নবদম্পতি একে অপরের হাত ধরে আছেন এবং তাদের আঙুলে বিয়ের আংটি দেখা যাচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির বিয়ের আমন্ত্রণপত্র নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল, যা অবশেষে বাস্তবে রূপ নিল।
রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু প্রায় দশ বছর আগে। এই সময়ে তারা একটি সুখী পরিবার গড়ে তুলেছেন এবং রোনালদোর ক্যারিয়ারের প্রতিটি মুহূর্তে জর্জিনা তার পাশে ছিলেন। রোনালদো পূর্বে জানিয়েছিলেন, তারা সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন বিয়ের জন্য।
ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো তার বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তের কথা স্মরণ করেন। তিনি জানান, গভীর রাতে সাধারণভাবে জর্জিনাকে জীবনসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন। সেই আবেগঘন মুহূর্তে তাদের দুই সন্তান হঠাৎ ঘরে ঢুকে পড়ে।
বর্তমানে রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন। ক্যারিয়ারের সায়াহ্নে এসে নতুন এই ইনিংস শুরু করায় ভক্ত ও সতীর্থদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। ২০১৬ সাল থেকে রোনালদো ও জর্জিনা একসঙ্গে বসবাস করছেন এবং তাদের সন্তানদের পাশাপাশি রোনালদোর আগের সন্তানদেরও জর্জিনা মায়ের স্নেহে লালন-পালন করছেন।