ভারতের উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় ১০ বছর ধরে নিখোঁজ থাকা এক প্রবীণ ব্যক্তির সন্ধান মিলেছে। ডায়ারির পাতায় লেখা একটি শব্দের সূত্র ধরে তার পরিবারের কাছে ফিরেছেন তিনি।
নিখোঁজ ব্যক্তির নাম শ্যাম সিং, যিনি মূলত উত্তর প্রদেশের ফারুকাবাদের বাসিন্দা। মানসিক অসুস্থতার কারণে ১০ বছর আগে তিনি বাড়ি থেকে হারিয়ে যান। পরিবারের পক্ষ থেকে বহু খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। গত এক দশক ধরে তিনি আলমোড়ার তাডিতে ও মাঝখালি এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন।
মাঝখালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিনোদ ফার্ডিয়াল জানান, তিনি দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধকে জরাজীর্ণ অবস্থায় দেখতেন। শারীরিক ও মানসিক অবস্থার অবনতির কারণে তার পরিচয় জানা কঠিন হয়ে পড়েছিল। পুলিশ বারবার তার পরিচয় জানার চেষ্টা করলেও তিনি কিছুই বলতে পারতেন না।
একপর্যায়ে, পুলিশের পক্ষ থেকে তার হাতে একটি কলম ও ডায়ারি দেওয়া হয়। ডায়ারিতে শ্যাম সিং একটি শব্দ লেখেন, 'রাজেপুর'। এই শব্দটি পাওয়ার পর আলমোড়া পুলিশ ফারুকাবাদের রাজেপুর থানায় যোগাযোগ করে এবং শ্যাম সিংয়ের ছবি পাঠায়। ছবি দেখে পুলিশ নিশ্চিত হয় যে তিনি রাজেপুর রাঠৌড়ী গ্রামের বাসিন্দা।
উত্তরাখণ্ড পুলিশের ফোন পেয়ে শ্যাম সিংয়ের পরিবার দীর্ঘ ১০ বছরের নিখোঁজের অবসান ঘটে। খবর পেয়ে তারা দ্রুত আলমোড়ার মাঝখালি পুলিশ ফাঁড়িতে পৌঁছান এবং বাবাকে সহি সালামত দেখে আবেগাপ্লুত হন। পরিবারের সদস্যরা আলমোড়া ও উত্তরাখণ্ড পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।