রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদা তোলায় বাধা দেওয়ার ঘটনায় ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে. এম. চঞ্চলের অনুসারীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ওই সময় সেখানে চাঁদা তোলার অভিযোগে যুবদল নেতা চঞ্চলের অনুসারী সোহেল ও আজিমের বিরুদ্ধে শিক্ষার্থীরা বাধা দেন। পরে যুবদল নেতা চঞ্চল সেখানে ৪০–৫০ জন অনুসারী নিয়ে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, এরপর তারা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। হামলায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার, ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব আল হাসান ও মুশফিকুর রহমান আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী সুমন সিকদার জানান, তারা নিউমার্কেট এলাকায় চাঁদা তুলতে বাধা দিলে যুবদল নেতা চঞ্চলের নেতৃত্বে ৫০–৬০ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় ১০–১৫ জন গুরুতর আহত হয়েছেন।
এদিকে, নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, এলাকার কয়েক শ দোকান থেকে প্রতিদিন চাঁদা তোলা হয়।