প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে সামনে রেখে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। রোববার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী সফরকে নির্বিঘ্ন ও সুন্দর করতে নগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকায় পরিদর্শন করেন চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
গত এক সপ্তাহে সিডিএ’র আওতাধীন বিভিন্ন প্রকল্প এলাকায় চেয়ারম্যান একাধিকবার সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় অসম্পন্ন কাজ দ্রুত শেষ করা, সড়ক ও বিভিন্ন স্থাপনার সৌন্দর্যবর্ধন, রং করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সিডিএ’র সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দৃশ্যমান উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে রং, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত শেষ করা হচ্ছে।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে চট্টগ্রামকে সবুজ, নান্দনিক, টেকসই ও পরিকল্পিতভাবে সাজানোর দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর সফরকে সুন্দর ও সফল করতে চউকের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অবশিষ্ট কিছু সৌন্দর্যবর্ধনের কাজ রয়েছে। এসব কাজও রাতের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গতি ও গুণগত মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।’