মার্কিন রণতরি ইউএসএস লিঙ্কন ২০৮ দিন ধরে সাগরে অবস্থান করছে, যার ফলে নাবিকদের মানসিক স্বাস্থ্য ও খাদ্য সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের স্বজনরা। ইরান যুদ্ধের কারণে নির্দিষ্ট ফেরার তারিখ ছাড়াই এই অবস্থান চলছে।
সান ডিয়েগোতে অনুষ্ঠিত এক বৈঠকে ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং চাও-এর কাছে পাঁচ হাজার সেনার মানসিক অবসাদ, সুপেয় পানির অভাব, শৌচাগারের সমস্যা, খাবারের ঘাটতি ও ডাকসেবা ব্যাহত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দুই শতাধিক পরিবারের সদস্যরা। গত বছরের ২১ নভেম্বর সান ডিয়েগো ছাড়ার পর থেকে রণতরিটি টানা ২০৮ দিন সাগরে রয়েছে।
ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব জানান, রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্টকে মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি চলছে, তবে সুনির্দিষ্ট কোনো ফেরার তারিখ জানানো হয়নি।
ভাইস অ্যাডমিরাল জোসেফ কাহিল ও ভাইস অ্যাডমিরাল ডগলাস ভেরিসিমো দীর্ঘমেয়াদী মোতায়েনের ফলে সেনা ও পরিবারগুলোর ওপর চাপের বিষয়টি স্বীকার করেছেন। তারা জানান, খাদ্যদ্রব্য ও ডাক সরবরাহ ব্যবস্থা উন্নত করার চেষ্টা চলছে।
নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নাবিকদের মানসিক সহায়তার জন্য প্রতিরোধ কাউন্সিলর ও ধর্মযাজক নিয়োজিত রাখা হয়েছে এবং শৌচাগার ও বায়ুচলাচল ব্যবস্থার ত্রুটিগুলো দ্রুত সংস্কারের কাজ চলছে।