রাজধানীর কাফরুলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সোয়া ১০টার দিকে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, মিরপুর সুপার লিংক নামের বাসটিতে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য জানাতে পারেননি তিনি।
এদিকে, আজ দুপুর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী, মহাখালী, আগারগাঁও এবং মালিবাগ এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। যাত্রাবাড়ীতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন।
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানান, বিস্ফোরণের স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের প্রাথমিক ধারণা করা হচ্ছে।
মহাখালী ও আগারগাঁও এলাকায় পৃথক বিস্ফোরণের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ জানান, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।