চট্টগ্রামের পতেঙ্গা ও বাঁশখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড ১ হাজার ২৬০ বস্তা সিমেন্ট জব্দ করেছে। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে এবং দুটি কার্গো ও একটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানার বহিঃনোঙর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার মূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা।
অপরদিকে, শুক্রবার ভোর ৩টার দিকে বাঁশখালী থানার বাংলা বাজার ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫১০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। তবে এ সময় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট এবং পাচারকাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।