জামালপুরের সরিষাবাড়ীতে জমি বিক্রির বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর (নয়াপাড়া) জামে মসজিদ এলাকায় এ সংঘর্ষের সময় নারীসহ অন্তত ২০ জন আহত হন।
স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চর হরিপুর গ্রামের রমিজলের সঙ্গে প্রতিবেশী মোয়াজ্জেম হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে রঞ্জু মিয়ার জমি বিক্রি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মোয়াজ্জেম গালিগালাজ ও হুমকি দেন। এর পর মোয়াজ্জেমের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রমিজলের লোকজনের ওপর হামলা চালান।
হামলায় রমিজল, সোহাগ, মহর আলী, ছাইদর, মোখলেছুর রহমান, সবুজ, শাহালী, হায়দর আলী, জিহাদ, সুফিয়া, সিফাত, হৃদয় ও সোনালী বেগম আহত হন। এছাড়া ঝগড়া থামাতে গিয়ে বাবলু, রেবা, হাবিজল ও আলতাফুর রহমান নামের স্থানীয় কয়েকজন পথচারীও আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহতদের সেখানে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর হামলাকারীরা পুনরায় ক্ষতিসাধনের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী রমিজুল। তিনি মোয়াজ্জেমকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এক পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।