সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে মাগুরা টেক্সটাইল মিল এবং নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে চালু করার জন্য চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) আওতায় এই দুটি টেক্সটাইল মিলের বেসরকারি অংশীদার নির্বাচনের জন্য প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়া, বৈঠকে জ্বালানি তেল ও এলএনজি আমদানির বিভিন্ন প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ইউনিপেক চায়না, পেট্রোচায়না ও ইন্দোনেশিয়ার বিএসপি থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়া, স্পট মার্কেট থেকে ১ কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে স্থানীয় উত্স থেকে ১০ হাজার টন মসুর ডাল ক্রয়ের প্রস্তাব এবং দুটি প্রকল্পের পূর্তকাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের প্রস্তাবও অনুমোদন করা হয়।