গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের ৫৫ শতাংশ নিটওয়্যার পোশাক কারখানার রপ্তানি আদেশ বাতিল হয়েছে অথবা কমে গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত জুলাইয়ের ২০ তারিখ থেকে শুরু হওয়া গ্যাস সংকট এবং পরবর্তীতে বিদ্যুৎ সংকটের কারণে ৮৭ শতাংশ রপ্তানিকারক সময়মতো শিপমেন্ট করতে ব্যর্থ হয়েছেন। এর ফলে প্রতি তিনজনে প্রায় দুইজন সাপ্লায়ারকে বিদেশি বায়ারকে ডিসকাউন্ট দিতে বাধ্য হতে হয়েছে।
বিকেএমইএ জানিয়েছে, তাদের সদস্যভুক্ত ২০ শতাংশ রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, বিকেএমইএ'র অ্যাক্টিভ সদস্য সংখ্যা ৮০০।
জরিপ অনুযায়ী, গ্যাস সংকটের কারণে ৭৫ শতাংশ এবং বিদ্যুৎ সংকটের কারণে ৯০ শতাংশ কারখানা প্রভাবিত হয়েছে। আলোচ্য সময়ে গ্যাসের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় ৭৮ শতাংশ কম ছিল।
প্রায় ৯২ শতাংশ কারখানাকে বিকল্প জ্বালানির জন্য অতিরিক্ত খরচ করতে হয়েছে এবং একই সংখ্যক কারখানায় শ্রমঘণ্টার অপচয় হয়েছে। ৮৯ শতাংশ কারখানা মালিক বিদেশি ক্রেতার আস্থা হারানোর ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন।