ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট লেখক ও সাহিত্যচিন্তক ড. সাঈদ-উর রহমান আর নেই। বার্ধক্যজনিত কারণে রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ শিক্ষকতা, গবেষণা ও সাহিত্যচর্চার মাধ্যমে বাংলা সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই শিক্ষাবিদের প্রয়াণে শিক্ষা ও সাহিত্যাঙ্গনে গভীর শোক প্রকাশ করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অধ্যাপক ড. সাঈদ-উর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় উপাচার্য বলেন, তিনি ছিলেন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক এবং বিশিষ্ট লেখক ও সাহিত্যচিন্তক।
শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।