দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজয়-২৪ হলে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করা হয়েছে। এই নতুন ব্যবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের আঙুলের ছাপের মাধ্যমে হলে প্রবেশ ও প্রস্থানের সময় স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিজয়-২৪ হলের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান এবং বিজয়-২৪ হলের হল সুপার অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।
হল সুপার অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা দিতে আমি বদ্ধপরিকর। হলের যাবতীয় কার্যক্রম আধুনিক ও ডিজিটালাইজড করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
হল প্রশাসন সূত্রে জানা গেছে, এই প্রযুক্তি চালুর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কর্মঘণ্টার সঠিক হিসাব রাখা, অনিয়ম ও ফাঁকিবাজি রোধ এবং সার্বিক নজরদারি জোরদার করা হবে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে সরাসরি মোটরের পানি সরবরাহের ব্যবস্থাও চালু করা হয়েছে।