রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে অনুষ্ঠিত মিছিলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার ৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলেন- রেহানা পারভিন (৪৩), মো. সাইফুল ইসলাম (৫২), মো. জুয়েল শিকদার (৩৩), মো. নাজিম উদ্দিন (৩৪), মো. সাহেদ (৩৭), শান্ত শেখ (২৮), মো. হারুন মাইজভান্ডারী (৫৫), খালেদ মাহমুদ ফয়সাল (৪০) ও মো. সফিকুর রহমান (৫০)।
আজ রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গুলশান থানার এসআই রুহুল আমিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানান, আসামিদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠিয়ে সোমবার জামিন শুনানির দিন ধার্য করেছেন।
শনিবার গুলশান এলাকা থেকে পুলিশ ২৪ জন আসামিকে গ্রেফতার করে, যাদের মধ্যে ১০ দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। গত শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় কয়েকশ’ লোকের অংশগ্রহণে একটি মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন, যাতে ১১৮ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।