ত্রাণ ও দুর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভারত সীমান্তবর্তী এলাকায় অবৈধ মাদকের কারখানা তৈরি করা হয়েছে, যা বাংলাদেশে বিক্রি হয়। শনিবার (১৫ আগস্ট) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহরউদ্দিন সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ শীর্ষক উদ্বুদ্ধকরণ সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী অভিযোগ করেন, এই মাদক ব্যবসা বাংলাদেশের যুবসমাজকে ধ্বংস করার একটি পরিকল্পনার অংশ। তিনি বলেন, ‘শুধু আইনের মাধ্যমে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক বন্ধ করা সম্ভব নয়। এসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
আসাদুল হাবিব দুলু আরও বলেন, মাদক যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে এবং বর্তমানে স্কুলের শিক্ষার্থীরাও মাদকে আসক্ত হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, মাদক নির্মূলে ব্যর্থ হলে দেশ একদিন অতল গহ্বরে ডুবে যাবে।
মন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে বলেন, বিগত সরকার এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি জানান, প্রধানমন্ত্রী একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছেন এবং খরার মৌসুমে তিস্তায় পানি সংরক্ষণের জন্য নতুন একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভায় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা প্রশাসক রাশেদুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।