সিলেটের গোয়াইনঘাটে কলিম উল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি ভাতিজার দায়ের কোপে নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটায় উপজেলার দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।
নিহত কলিম উল্লাহ দিঘির পাড় গ্রামের মৃত তিতু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার কলিম উল্লাহর মেয়েকে তার ভাতিজা জুবের আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, অভিযোগ ধামাচাপা দিতে জুবের আহমেদের বিয়ের আয়োজন করা হয়। স্থানীয়ভাবে বিচার না পেয়ে কলিম উল্লাহ শনিবার দুপুরে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর তার ভাই ছয়ফুল্লাহ, জুবের আহমেদ ও আমির উদ্দিন হামলা চালায়।
এ সময় জুবের আহমেদ কলিম উল্লাহর গলায় দা দিয়ে কোপ দেয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং জড়িত অন্যদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।