রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রথম মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিকেল ৩টার দিকে দ্বিতীয় মনোনয়নপত্রও জমা দেন জোটের নেতারা।
আইনে একই প্রার্থীর পক্ষে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে অলি আহমদের পক্ষে অল্প সময়ের ব্যবধানে দুটি মনোনয়নপত্র জমা দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে কৌতূহল সৃষ্টি হয়েছে।
১১–দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনকে জোট গুরুত্বসহকারে দেখছে। মনোনয়নপত্রে কোনো ত্রুটি বা আইনি জটিলতা যাতে না থাকে, সে কারণেই দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন ও রাজনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম মনোনয়নপত্রে অলি আহমদের জাতীয় পরিচয়পত্রের নামের সঙ্গে কিছু গরমিলের বিষয় সামনে আসে। সম্ভাব্য ত্রুটি এড়াতে দ্বিতীয় মনোনয়নপত্র জমা দেওয়া হয় বলে জানা গেছে।
নির্বাচন কমিশন আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে। প্রার্থীরা ১৮ আগস্টের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন এবং ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।