নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যুবদল নেতা মো. সোহাগ ওরফে সোহেলকে গুলি করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যায় রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সোহেলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোহেল গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। তিনি চার বছর সৌদি আরবে ছিলেন এবং গত ২০ জুলাই দেশে ফেরেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে পাশের আমানউল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যুবদল কর্মী সুমনকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদ করায় সোহেলের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে কয়েকজন সোহেলের বাড়িতে ঢুকে তাকে গুলি করে।
গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবীবুর রহমান হাবীব অভিযোগ করেন, জামায়াতের রাজনীতি না করলে গোপালপুর ইউনিয়নে বসবাস করা কঠিন। তিনি দাবি করেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সোহেলকে গুলি করে পালিয়ে গেছে।
অন্যদিকে, গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবু তাহের অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নন।
বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শ (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, এলজির ছররা গুলিতে একজন আহত হয়েছেন এবং আঘাত তেমন গুরুতর নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।