রাজধানীর বনানীতে ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে স্বর্ণালংকার কেনার চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬) কে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ আগস্ট) রিমান্ড শেষে রুবেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুম্মান খান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা আদালতে জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামি তার পলাতক সহযোগীর অবস্থান এবং জাল টাকার উৎস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তবে মামলার ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হবে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, রুবেল একজন পেশাদার জাল নোট চক্রের সদস্য। তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় জাল নোট তৈরি, প্রতারণা, মানি লন্ডারিং ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অন্তত ১৬টি মামলা রয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ৬ আগস্ট বিকেলে রুবেল ও তার সহযোগী আবদুল্লাহ আল কাফি (৩৭) বনানী সুপারমার্কেটের ‘মনিমালা জুয়েলার্স’ দোকানে ক্রেতা সেজে প্রবেশ করেন। তারা স্বর্ণালংকার কেনার চেষ্টা করেন এবং জাল নোট দিয়ে বিল পরিশোধের সময় কর্মচারীদের সন্দেহ হলে তারা পালানোর চেষ্টা করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলকে উদ্ধার করে এবং তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট জব্দ করে। এ ঘটনায় মনিমালা জুয়েলার্সের ব্যবস্থাপক বাদী হয়ে বনানী থানায় মামলা করেন।