হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে ইরান ও ওমানের মধ্যে চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেবে। ওয়াশিংটন থেকে এ বিষয়ে শিগগিরই একটি চুক্তি হওয়ার আশা প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানান, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা এগিয়ে চলছে। যুক্তরাষ্ট্র আশা করছে, শিগগিরই একটি চুক্তি হবে।
ওই কর্মকর্তা বলেন, চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল কোনো ধরনের বাধা ছাড়াই স্বাভাবিক করার বিষয়টি নিশ্চিত হলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নেবে।
তিনি আরও জানান, ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ ইরান তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে কি না, তার ওপর নির্ভর করবে।
মার্কিন কর্মকর্তা বলেন, ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করেই যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নির্ধারিত হবে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ, যেখানে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের বড় একটি অংশ আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়।