জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী দেশের বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি মঙ্গলবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিযোগ জানান।
আজহারী লেখেন, ‘হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ।’ তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এদিকে, দেশের বিভিন্ন স্থানে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট এবং লোডশেডিং জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। বিদ্যুৎনির্ভর ব্যবসা-বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়েছে, ফলে অনেক ছোট ব্যবসা কার্যত অচল হয়ে পড়েছে।
বিদ্যুৎ বিভাগ অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগের প্রেক্ষাপটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম বিজ্ঞপ্তিতে ‘মিথ্যা তথ্য’ বা ‘অপপ্রচার’ চালালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর নতুন বিজ্ঞপ্তিতে কেবল ‘দায়িত্বশীল আচরণ’ করার আহ্বান জানানো হয়েছে।