বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
সোমবার রাত ৯টার দিকে শিক্ষামন্ত্রীর ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা অব্যাহত রেখেছে।
পোস্টে আরও বলা হয়, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ বিষয়ে অপতথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হতে পারে। এ প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বিষয়টি নিয়ে পরিষ্কার অবস্থান প্রকাশ করেছেন।