গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ১৫ মাস বয়সী শিশু জাইদ নোফাল নিহত হয়েছে। হামলার সময় শিশুটি ঘুমাচ্ছিল খোলা জানালার পাশে। রাত তিনটার দিকে হামলায় বাড়িটি ধ্বংস হয়ে গেলে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
জাইদের মা ফাতিমা নোফাল, ৩৮ বছর বয়সী, হামলার সময় আহত হয়েছিলেন এবং প্রতিবেশীদের সাহায্যের জন্য ডাকছিলেন। তিনি জানিয়েছেন, এটি তার চতুর্থ সন্তানের মৃত্যু। ২০২৩ সালের ১৩ অক্টোবর ইসরায়েলি হামলায় তিনি তিন সন্তানকে হারান।
ফাতিমা যুদ্ধের শুরুতে নিরাপদ আশ্রয়ের খোঁজে আল-জাওয়াইদার আল-সাওয়ারহা এলাকায় চলে গিয়েছিলেন। সেখানে তিনি তার তিন সন্তান ও স্বজনদের হারান। জাইদ জন্মের পর পরিবারের জন্য একটি আশার আলো হয়ে উঠেছিল, কিন্তু হামলার ফলে সে আর বেঁচে রইল না।
হামলায় ফাতিমার বড় মেয়ে বারা সামান্য আহত হলেও ছোট মেয়ে লিনা গুরুতর আহত হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফাতিমা জানান, লিনা ভাইয়ের মৃত্যুর খবর জানতে চেয়েছে, কিন্তু তিনি সাহস পাননি সত্যি বলতে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধবিরতির পর গাজায় অন্তত ২৬০ শিশু নিহত হয়েছে। ফাতিমা বিশ্বাস করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে নারী ও শিশুদের নিশানা বানাচ্ছে। তিনি বলেন, "আমরা যে হতাহতের দৃশ্য দেখছি, তার বড় অংশই নারী ও শিশু।"