ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বাড়িতে কাগজের বাক্সের ভেতর থেকে পাঁচ নবজাতকের দেহাবশেষ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় পুলিশ হত্যা মামলার তদন্ত শুরু করেছে।
স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, গত রোববার অরেঞ্জ শহরের একটি বাড়িতে ৩২ বছর বয়সী এক নারী সন্তান জন্ম দেন এবং পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষকে ওই নারীর সঙ্গী পরিচয় দেওয়া এক ব্যক্তি জানান, তিনি বাড়িতে সন্দেহজনক কিছু লক্ষ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, সঙ্গীর গর্ভধারণের বিষয়টি তিনি অনেক দেরিতে জানতে পারেন, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।
পুলিশ জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর সোমবার রাতে তারা বাড়িটিতে অভিযান চালায়। ফরেনসিক চিকিৎসকের ধারণা, উদ্ধার হওয়া দেহাবশেষ সম্ভবত পাঁচটি নবজাতকের।
তদন্তকারীরা এখনও ওই নারীর সঙ্গে কথা বলার সুযোগ পাননি। তার পরিবারে ৮ ও ৯ বছর বয়সী আরও দুই সন্তান রয়েছে। প্রতিবেশীরা জানান, শিশু দুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত এবং তাদের মা প্রতিদিন স্কুল থেকে নিয়ে আসতেন।
মঙ্গলবার পুলিশ বাড়ির দরজা সিল করে দেয় এবং সিঁড়ির কাছে একাধিক সাইকেল দেখা যায়। ফ্রান্সে এর আগেও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে, যার মধ্যে গত মার্চে একটি বাড়ির ফ্রিজ থেকে দুই নবজাতকের দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল।