বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির নেতারা খালাসি পদে আদালতের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ করেছেন। তারা দাবি করেছেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রায় বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
রোববার (২ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মনিরুজ্জামান মনির লিখিত বক্তব্যে বলেন, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের ৮৬৫টি খালাসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০১৫ সালে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু ২০১৯ সালে ফলাফল প্রকাশের পর নিয়োগপত্র প্রদান স্থগিত হয়ে যায়।
তিনি জানান, পোষ্য কোটায় নির্বাচিত প্রার্থীরা আদালতে রিট আবেদন করেন এবং আদালতের নির্দেশনায় গত ৮ জুলাই ৬৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। বাকি যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়াও চলছে।
মনির অভিযোগ করেন, আদালতের রায় বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি নিয়োগ সিন্ডিকেট বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, আদালতের নির্দেশনায় পোষ্য কোটা সংরক্ষণ ও যোগ্য আবেদনকারীদের নিয়োগ দেওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা অপপ্রচার বন্ধের আহ্বান জানান এবং এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।