স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকার ব্যর্থ হলে এদেশে কেউ বাস করতে পারবে না। তিনি শনিবার (১ আগস্ট) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন।
মন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানের পর যদি প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হন, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। তিনি চিকিৎসকদের অনুরোধ করেন, দেশের স্বার্থে সঠিকভাবে কাজ করতে।
মন্ত্রী পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, রোগীদের উপস্থিতি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনসহ সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বলেন, অনিয়মিতভাবে কাজ করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বর্তমান সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে বলেন, এই সরকার ব্যর্থ হলে দেশের পরিস্থিতি খারাপ হবে।
মন্ত্রী হাসপাতাল পরিদর্শনের সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালের আশেপাশে থাকা দুটি বেসরকারি ক্লিনিক সিলগালা করার নির্দেশ দেন এবং অফিস সময়ে ক্লিনিকে চিকিৎসা দেওয়ার জন্য দুই চিকিৎসককে শোকজ করার নির্দেশ দেন।