গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৩ বছর বয়সী একটি স্কুলছাত্রী ও এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর আত্মহত্যার চেষ্টা করার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩০ জুলাই) রাতে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ ঘটনা সামনে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ জুলাই দুপুরে ওই ছাত্রীর সঙ্গে তরুণকে বিদ্যালয়ে ডেকে নিয়ে যাওয়া হয়। তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়ার পর বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এ সময় উপস্থিত কয়েকজন ঘটনার ভিডিও ধারণ করেন এবং পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নয়ন বাড়ৈ, জয় শিকদার ও মিশন রায়সহ কয়েকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ রয়েছে। নয়ন বাড়ৈ জানান, তিনি ওই ছাত্রীর সঙ্গে তরুণকে বিদ্যালয়ে নিয়ে গিয়েছিলেন, তবে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের বিষয়টি জানেন না।
নির্যাতনের পর স্থানীয় লোকজনের দাবি, ভিডিও ছড়িয়ে পড়ার কারণে ওই ছাত্রী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে প্রথমে স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রে এবং পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ অভিযানে রয়েছে। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।