ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় পৌর শহরের কুয়েত মসজিদ সংলগ্ন দলীয় কার্যালয় থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবদিঘি যাত্রী ছাউনি জিরোপয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন সহযোগী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়, যা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠানের সঞ্চালনায় পরিচালিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি আনিস আহম্মেদ এবং উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইন। বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক নয় এবং যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করতে চায়, তারা গণভোটের রায় বাস্তবায়নে অনাগ্রহী। বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশের শেষে সভাপতি পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।