বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম হাসনা এক শিক্ষার্থীকে নামের বানান ভুলের কারণে ৩০০ বার নাম লিখে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। শিক্ষার্থী সাইদুল ইসলাম সাইদ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বিষয়টি ফেসবুকে শেয়ার করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
শিক্ষিকা মরিয়ম হাসনা তার ফেসবুক পোস্টে বলেন, গত বুধবার (২৯-০৭-২৬) 'Entrepreneurship And Small Business Development' কোর্সের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় তিনি ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩২ জনের নামের বানান ভুল দেখতে পান। তিনি জানান, নামের বানান ভুল একটি ফরমাল পেপারে গুরুতর বিষয় এবং এটি শিক্ষার্থীদের ভবিষ্যতে ভোগান্তির কারণ হতে পারে।
তিনি আরও বলেন, একাধিক শিক্ষার্থীর নামের বানান ভুল হওয়ায় তিনি তাদের সঠিকভাবে নাম লেখার নির্দেশ দেন। শিক্ষিকা জানান, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলে তিনি তা পজিটিভভাবে নিয়েছেন, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও সতর্ক হন।
তবে, বিষয়টি তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। তিনি জানান, বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন আসা শুরু হয়েছে, যা তার জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। শিক্ষিকা বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে শিক্ষক হিসেবে তাদের দায়িত্বশীলতা শেখানো প্রয়োজন।