নরসিংদীতে বায়না করা ২০ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:
নরসিংদীর দগরিয়া মৌজায় বায়না করা ২০ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি পক্ষের বিরুদ্ধে। অভিযোগকারী পক্ষের দাবি, স্কুল প্রতিষ্ঠার নাম ব্যবহার করে জমিটি দখলের পাঁয়তারা করা হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সি.এস. ৩১, এস.এ. ৬৯ এবং আর.এস. ৫৮৭ ও ৫৮৮ দাগভুক্ত ২০ শতাংশ জমির পূর্ব মালিক ছিলেন মো. আবুল কাশেম খান। পরে বায়না সূত্রে মো. আলামিন জমির স্বত্ব লাভ করেন বলে দাবি করা হয়।
অভিযোগকারী পক্ষের ভাষ্য, সম্প্রতি জমিটির ওপর একটি প্রভাবশালী মহলের নজর পড়ে। এ ঘটনায় নরসিংদী সদর উপজেলার একটি রাজনৈতিক দলের এক নেতার স্বজন, যিনি জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত বলে অভিযোগ করা হচ্ছে, যার নাম ফারুক, স্থানীয় বাবু নামের এক ব্যক্তি তার প্রভাব খাটানোর অভিযোগও তোলা হয়েছে। অভিযোগকারী আরও দাবি করেন, জমিটি ছেড়ে দেওয়ার জন্য তাকে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় জমি দখলের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। শুক্রবার সরকারি ছুটির কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাকেও কার্যালয়ে পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত মালিকানা যাচাই এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
(বিঃদ্রঃ: প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর স্বাধীন সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।)