বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, এক দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করে অন্য দেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার পরিকল্পনা সরকারের নেই। তিনি বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে নিজস্ব স্বার্থ অক্ষুণ্ন রেখে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করছে। তিনি চীনের সঙ্গে বাংলাদেশের সখ্য নিয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগের প্রসঙ্গেও কথা বলেন।
খলিলুর রহমান বলেন, "আমরা কূটনীতিতে আন্দাজে কাজ করি না। আমাদের কাজ বাস্তবতার ভিত্তিতে।" তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর ভিত্তি করে কূটনীতি পরিচালনা করা হচ্ছে না।
তিনি আরও বলেন, "একজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে আরেকজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা, আমরা কখনোই সেটা করব না।" মন্ত্রী চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়নকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে একাধিক দেশের সম্পর্ক রয়েছে এবং এসব সম্পর্ক স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।