নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে সোনারগাঁও থানার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— আবুল কালাম আজাদ (৩৬), কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে এবং সবুজ (২৯), কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আনন্দপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। পরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালালে দুই ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।